দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩৩ জন। গতকাল বুধবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার এক দিনে মারা গিয়েছিলেন ১৬ জন, নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৯৯ জন। অর্থাত্ এক দিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা তিন জন বেড়েছে, শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৩৪ জন।
গত এক দিনে নতুন ১ হাজার ৭৩৩ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন। আরো ১৯ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১২৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৭১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৫টি ল্যাবে ১৪ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৪ লাখ ৮৪ হাজার ৬৮৮টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৯৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ১২ শতাংশ।