স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ইমাদুল সরকারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ। মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে এ দণ্ড দেওয়া হয়। বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ গতকাল বুধবার এই রায় দেন। আদালতে আসামিপক্ষে আইনজীবী এ বি এম বায়েজীদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত শুনানি করেন। ডিএজি বলেন, কেরোসিন ঢেলে স্ত্রী রেশমা খাতুনকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে এই দণ্ড দিয়েছে আপিল বিভাগ।
মামলার নথি পর্যালোচনায় দেখা যায়, সাতক্ষীরা সদরের শহিদুল সরদারের ছেলে ইমাদুলের সঙ্গে আব্দুর রাজ্জাকের মেয়ে রেশমা খাতুনের বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে ইমাদুল ১৮ হাজার টাকার বিভিন্ন মালামাল নেন; কিন্তু আরো ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে কলহের এক পর্যায়ে ২০০২ সালের ১৯ জুলাই কেরোসিন ঢেলে রেশমার গায়ে আগুন ধরিয়ে দেন ইমাদুল। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মামলার তদন্ত কর্মকর্তার কাছে মৃত্যুকালীন জবানবন্দি দেন রেশমা। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২০০৮ সালের ১১ আগস্ট সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ইমাদুলকে মৃত্যুদণ্ড দেয়। ডেথ রেফারেন্স গ্রহণ ও আপিল খারিজ করে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করেন আসামি। ঐ আপিলের চূড়ান্ত শুনানি নিয়ে আপিল বিভাগ আমৃত্যু কারাদণ্ড দেয়।