পালিয়ে বিয়ে করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল প্রেমিক যুগলের

বন্ধুর মোটরসাইকেলে করে পালিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছিল বাপ্পি ও সুকন্যা। কিন্তু তাদের সেই যাত্রা পরিণত হয়েছে শোক যাত্রায়। ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন জনের। গতকাল বুধবার ভোরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলায় দাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—করটিয়া বাইপাস এলাকার মোস্তফা মিয়ার ছেলে বাপ্পি (১৮), সদর থানার কাগমারা এলাকার আব্দুল মান্নানের মেয়ে মমতা হিয়া সুকন্যা (১৫) ও তাদের বন্ধু দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে শুভ আক্তার সানি (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, নাগরপুরের ধুবড়িয়া গ্রামের সুকন্যার নানাবাড়ি থেকে পালিয়ে বাপ্পি ও সুকন্যা বন্ধু সানির মোটরসাইকেলে করে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই সানি নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর বাপ্পি ও সুকন্যার মৃত্যু হয়। নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহালুল খান            জানান, পুলিশ দুর্ঘটনার সংবাদ পেয়ে লাশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

নাচোলে গরু ব্যবসায়ীর মৃত্যু

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, গরুর গাড়িকে জায়গা দিতে গিয়ে গরুবোঝাই একটি নছিমন ভটভটি উলটে আব্দুস সাত্তার (৫০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই জন। গতকাল বুধবার নাচোল রাজবাড়ী সড়কের ঝিকড়া কাটাকুড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।