পাহাড়ের সামগ্রিক পরিস্থিতি সরকারের নজরে রয়েছে। শান্তিশৃঙ্খলা এবং সার্বভৌমত্ব রক্ষায় দেশের সীমানায় কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অপতত্পরতা বরদাস্ত করা হবে না। গতকাল বুধবার বান্দরবানের স্টেডিয়াম এলাকায় গণপূর্ত বিভাগের অর্থায়নে নবনির্মিত পুলিশের অফিসার্স মেস ভবনের উদ্বোধনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এ কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কার্যক্রম সরকার মেনে নেবে না। দেশের সব শ্রেণির মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে সরকার নানামুখী প্রদক্ষেপ নিয়েছে।
এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, বান্দরবান পুলিশ সুপার জেরীন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশ বাহিনীতে বিগত ১০ বছরে অনেক পরিবর্তন এসেছে। দেশের মানুষের জনকল্যাণে এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ কাজ করছে। দেশবাসীর শান্তিশৃঙ্খলার স্বার্থে সরকারের নেওয়া প্রদক্ষেপ বাস্তবায়নে ভূমিকা রাখছে পুলিশ।