প্রাকৃতিক দুর্যোগ ও রোগবালাই মুক্ত পরিবেশ পাওয়ায় চলতি বছর কক্সবাজারে বিপুল পরিমাণ সুপারি ফলেছে। জেলার আট উপজেলায় প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে চলতি বছর সুপারির উত্পাদন হয়েছে প্রায় ১২ হাজার মেট্রিক টন। উত্পাদিত সুপারি প্রায় ২৪০ কোটি টাকায় বিক্রি হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়ের উন্নয়ন শাখার উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার দে জানান, চলতি বছর টেকনাফে ১ হাজার ২৬০ হেক্টর, উখিয়ায় ৯৭০ হেক্টর, কক্সবাজার সদরে ৬৭৫ হেক্টর, রামু উপজেলায় ৪০০ হেক্টর, মহেশখালীতে ১৫০ হেক্টর, চকরিয়ায় ৪০ হেক্টর, কুতুবদিয়ায় ১৩ হেক্টর ও পেকুয়ায় ছয় হেক্টর ভূমি সুপারি চাষের আওতায় আসে। হিসাব মতে প্রতি হেক্টরে ৩ থেকে সাড়ে তিন টন সুপারি উত্পাদিত হয়েছে। সে অনুপাতে এবারের ফলন উঠবে প্রায় ১২ হাজার টন। প্রতি পণ (৮০ পিস) বা কেজি প্রতি সুপারি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। সে হিসাবে এবারে সুপারি বিক্রি করে আয় হবে প্রায় ২৪০-২৫০ কোটি টাকার মতো। গত মৌসুমে সুপারি চাষের আওতায় ছিল ৩ হাজার ৪০০ হেক্টর জমি।