কাপ্তাই উপজেলায় ওয়াগ্গা ইউনিয়নের একটি বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে দুই জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, প্রকৃত বাড়ী রাজস্থলী উপজেলায় সুভাষ তনচংগ্যা (৪৫) এবং ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকার বাসিন্দা ধনঞ্জয় তনচংগ্যা (৩২)। তনচংগ্যা পরিবার নিয়ে ওয়াগ্গা ইউনিয়নে বসবাস করতেন।
কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন জানান, মঙ্গলবার রাতে সুভাষ তনচংগ্যা কাঁঠালতলী এলাকার ধনঞ্জয় তনচংগ্যার বাড়ি বেড়াতে আসেন। রাতের খাওয়ার পর সুভাষ তনচংগ্যা নিজ বাড়িতে না গিয়ে ধনঞ্জয় তনচংগ্যার বাড়িতে থেকে যান। রাত ৩টার সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয়ের বাড়িতে এসে গুলি করে পালিয়ে যায়। গুলিতে ধনঞ্জয় এবং সুভাষ ঘটনাস্থলেই মারা যান। তিনি আরো জানান, কাপ্তাই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি মর্গে পাঠিয়েছে।