বাউফলে সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বন্দরে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই বন্দরের আজিজ সিকদার নামের এক প্রভাবশালী ব্যক্তি ছাগল হাট সংলগ্ন ১ নং খাস খতিয়ানের সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। 

বুধবার (১১ নবেম্বর) এ খবর পেয়ে বাউফল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার হুমায়ুন কবির সেখানে গিয়ে ভবন নির্মাণে বাঁধা দেন। তিনি সরকারি জমিতে লাল নিশান দিয়ে আসার পর শ্রমিকরা ফের সেখানে নির্মাণ কাজ শুরু করেন। 

আরো পড়ুনঃ চলতি মাসেই পূরণ হচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ৪৮ শূন্য পদ 

সার্ভেয়ার হুমায়ূন কবির বলেন, ‘আজিজ সিকদার একটি ভবন নির্মাণ করছেন। তার রেকর্ডীয় সম্পত্তির সঙ্গে সরকারি কিছু জমি দখলে নিয়ে নির্মাণ কাজ শুরু করেন। তিনি সরকারি জমিতে কয়েকটি কলামের বেজমেন্ট তৈরি করেন। এ অবস্থায় সেখানে গিয়ে আমি সরকারি অংশের জমি চিহ্নিত করে লাল নিশান উড়িয়ে দেই। তারপরও যদি তারা নির্মাণকাজ অব্যাহত রাখেন তাহলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করবো।’ 

নির্মাণকাজের দায়িত্বে থাকা আজিজ সিকদারের ভাই জলিল সিকদার বলেন, ‘লাল নিশান দিয়ে চিহ্নিত এলাকায় আমি কোন কাজ করছি না। আমার জমিতেই আমি কাজ করছি।’

বাউফলের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান বালি বলেন,‘দখলের খবর জেনে আমি সার্ভেয়ার পাঠিয়েছি। এবার আমি নিজেই পরিদর্শন করে পদক্ষেপ নেব।’


ইত্তেফাক/এমএএম