বঙ্গবন্ধুর খুনিদের নামের আগে কর্নেল, ক্যাপ্টেন এগুলো থাকা উচিত না —মতিন খসরু

আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আব্দুল মতিন খসরু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার হয়েছে, কিন্তু নেপথ্য খলনায়কদের খুঁজে বের করতে হবে। মাস্টারমাইন্ডদের খুঁজে বের করতে কমিশন গঠন করতে হবে। খুনিদের নামের আগে কর্নেল, ক্যাপ্টেন এগুলো ব্যবহার করা উচিত নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনা প্রস্তাবের ওপর গতকাল বুধবার আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মতিন খসরু বলেন, পৃথিবীতে মানুষ কত নিকৃষ্ট হতে পারে; যিনি আমাদের স্বাধীনতা দিলেন, সার্বভৌমত্ব দিলেন তাকে নির্মমভাবে সপরিবারে খুন করা হলো। খুন করে আইন করা হলো যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা যাবে না। এটাকে বলে দায়মুক্ত অধ্যাদেশ। পৃথিবীতে এমন আইন আছে? খুন করবে, তার বিচার করা যাবে না! তারা আততায়ী না, তারা খুন করার আগে মোস্তাক ও জিয়ার কাছে গিয়েছিল।

আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালি জাতির এগিয়ে চলার প্রেরণা। আমাদের দায়িত্ব তার সোনার বাংলা তৈরি করা। গতকাল অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মৃণাল কান্তি দাস, আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।