গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের দায়ে শরণংকর ভিক্ষু ও তার আইনজীবীকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সাবেক আইনমন্ত্রী, বার কাউন্সিলের সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সংসদ সদস্য আব্দুল মতিন খসরু। ভিক্ষু শরণংকরের অবৈধ কর্মকাণ্ডের সমালোচনা করে বিবৃতিদানকারী দেশের বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সংক্ষুব্ধ ব্যক্তিদের প্রতিনিধির পক্ষে তিনি এ নোটিশ জারি করেন। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বৌদ্ধবিহার স্থাপনের নামে ভিক্ষু শরণংকর কর্তৃক অবৈধভাবে সংরক্ষিত বনভূমি, মন্দির ও শশ্মান দখল এবং পাহাড় ও গাছপালা কাটার সমালোচনা করে গত মাসে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ সংগঠনগুলোর নেতৃবৃন্দ বিবৃতি দিলে তা জাতীয় দৈনিকগুলোতে ও অনলাইনে প্রকাশিত হয়। এই বিবৃতি কেন প্রকাশ করা হয়েছে, সেই মর্মে ভিক্ষু শরণংকর তার উকিলের মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকায় নোটিশ পাঠান, যার পরিপ্রেক্ষিতে তাদের এই আইনি নোটিশ পাঠিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল মতিন খসরু।
‘ভিক্ষু শরণংকরের অবৈধ কর্মকাণ্ডের সমালোচনা করে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দের দেওয়া বিবৃতি প্রকাশের কারণে গণমাধ্যমকে উকিল নোটিশ দেওয়া গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অপরাধ’ বলে নোটিশে উল্লেখ রয়েছে।