পালিয়ে বিয়ে করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল প্রেমিক যুগলের

বন্ধুর মোটরসাইকেলে করে পালিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছিল বাপ্পি ও সুকন্যা। কিন্তু তাদের সেই যাত্রা পরিণত হয়েছে শোক যাত্রায়। ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন জনের। গতকাল বুধবার ভোরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলায় দাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—করটিয়া বাইপাস এলাকার মোস্তফা মিয়ার ছেলে বাপ্পি (১৮), সদর থানার কাগমারা এলাকার আব্দুল মান্নানের মেয়ে মমতা হিয়া সুকন্যা (১৫) ও তাদের বন্ধু দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে শুভ আক্তার সানি (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, নাগরপুরের ধুবড়িয়া গ্রামের সুকন্যার নানাবাড়ি থেকে পালিয়ে বাপ্পি ও সুকন্যা বন্ধু সানির মোটরসাইকেলে করে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই সানি নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর বাপ্পি ও সুকন্যার মৃত্যু হয়। নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহালুল খান জানান, পুলিশ দুর্ঘটনার সংবাদ পেয়ে লাশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

ইত্তেফাক/বিএএফ