অস্ট্রেলিয়া, জাপান ও দ. কোরিয়ার সঙ্গে বাইডেনের ফোনালাপ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থী জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী স্কট মরিসন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইনের। গতকাল বুধবার এই তিন নেতা বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও শান্তি স্থাপন নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

জানা যায়, অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন বাইডেন। প্রথম বিশ্ব যুদ্ধের পর থেকেই দুই রাষ্ট্র পারস্পরিক সহযোগিতায় অসংখ্য কাজ করেছে। ভবিষ্যতেও অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র তাদের সৌহার্দপূর্ণ সম্পর্ক অব্যাহত রেখে বিশ্ব দরবারে কাজ করে যাবে এমন আশাবাদ ব্যক্ত করেন বাইডেন।
নির্বাচনে জয়ী হওয়ার পর বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। পরে জাপান প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন করেন বাইডেন। জাপানের সঙ্গে ভবিষ্যতে যৌথ সামরিক কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গত সপ্তাহের মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। করোনা মহামারির কারণে এবার রেকর্ড ১০ কোটির বেশি আগাম ভোট পড়েছে। যার বেশিরভাগই ডাকযোগের ভোট। বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণ ও গণনার সময় ভিন্ন হওয়ার কারণে ২০০০ সালের পর ভোট গণনায় এবারই সবচেয়ে বেশি বিলম্ব হয়েছে। কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট সেটা জানার জন্য চার দিন অপেক্ষা করতে হয়েছে মার্কিনি ও বিশ্ববাসীর।

বাংলাদেশ সময় শনিবার রাতে পেনসিলভেনিয়া রাজ্যে জো বাইডেনের জয় নিশ্চিত হয়। এর মাধ্যমে তিনি ২৭০টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করেন। এই নির্বাচনে যে পরিমাণ মানুষ ভোট দিয়েছেন ১৯০০ সালের পর কোনো নির্বাচনে এতো মানুষ ভোট দেননি।

ইত্তেফাক/টিআর