মাদারীপুরের রাজৈর পৌরসভার নির্বাচনে কমিশনার প্রার্থীর পাশাপাশি মেয়র পদেও অধিক সংখ্যক সম্ভব্য প্রার্থী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। সকাল বিকাল ও রাতে প্রতি ভোটারের দ্বারে ভোট প্রার্থনা করছেন তারা। পাশাপাশি দলীয় সমর্থন পাওয়া জন্যও চলছে চেষ্টা। মেয়র পদে সম্ভব্য প্রার্থী হিসেবে এ পর্যন্ত ১৩ জনের নাম পাওয়া গেছে। তবে এ ১৩ জনের মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে লড়াই করছেন ১০ জন। রাজৈর পৌর আওয়ামী লীগের আহবায়ক মো. মতিয়ার রহমান জানান, আওয়ামী লীগ থেকে ১০ জনের মধ্যে ৭ জন দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ফরম পূরণ করেছেন এবং এই ৭ জনের পূরণকৃত ফরম আমরা কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। আর এই ৭ প্রার্থী দলীয় মনোনয়ন পেতে কাজ করে যাচ্ছে।
এবার মেয়র নির্বাচনে সম্ভব্য প্রার্থীর হলেন- বর্তমান মেয়র শামীম নেওয়াজ মুন্সী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর লেলিন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদ সরদার শাজাহান বালিকা উচ্চবিদ্যালয়ের প্রভাষক নাজমা রশিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও চরমুগুরিয়া কলেজের অধ্যাপিকা গোপা শারমিন, শ্রমিক লীগের সভাপতি সাহাবুদ্দিন সাহা, ছাত্রলীগ নেতা মোস্তাফা মনির সুজন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জামাল মাতুব্বর, সাবেক ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, সম্পাদক সাপ্তাহিক সুবার্তা শেখ মোস্তাফিজুল হক নাদির, বিএনপি দলীয় মেজবাউল ইসলাম বাবু হাওলাদার, ব্যবসায়ি মো. মোশারফ ফকির ও শিক্ষক মাহবুবুর রহমান খোকন।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, রাজৈর পৌরসভা নির্বাচনে ১৫ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৭ নভেম্বর বাছাই, ২৩ নভেম্বর প্রত্যাহার এবং ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১৫৩৬৭ পুরুষ ও ১৫০৫১ মহিলা ভোটার ১২টি ভোট কেন্দ্রের ৭৫টি বুথে ভোট প্রয়োগ করবে। তবে এবার ভোট গ্রহণ করা হবে ইভিএম মেশিনের মাধ্যমে।
ইত্তেফাক/আরএ