মোরেলগঞ্জে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক খুলনা বেবি হোমে হস্তান্তর

বাগেরহাটের মোরেলগঞ্জে পরিত্যক্ত বাড়িতে ফেলে যাওয়া নবজাতকটি খুলনা বিভাগীয় সরকারি ছোট মনি নিবাসে (বেবি হোম) হস্তান্তর করা হয়েছে। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার  দুপুরে উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে শিশুটিকে বেবি হোমে পাঠানো হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, শিশুটি ১২ দিন যাবত মোরেলগঞ্জ হাসপাতালে এক প্রসূতি মা নিজের বুকের দুধ দিয়ে লালন পালন করেন। এ পর্যন্ত শিশুটির মা-বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গণ্য করে খুলনা বেবি হোমে পাঠানো হয়েছে। শিশুটিকে দত্তক নেওয়ার জন্য শতাধিক আবেদন পড়েছে বিভিন্ন দপ্তরে। আগামী ৩০ নভেম্বরের পরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ শিশুটির অভিভাবক নির্ধারণ করে তার জিম্মায় দিবেন বলেও এ কর্মকর্তা জানান। 

আরও পড়ুন: স্কুলের বার্ষিক অনুষ্ঠান গান বন্ধ করতে প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি, পরে হামলা

উল্লেখ্য ৩০ অক্টোবর পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের পরিত্যক্ত বাড়ির  বাগানে সদ্যজাত এ শিশুটি কে বা কারা ফেলে যায়। সাবেক ইউপি সদস্য জাহানারা আকতার খুকিসহ স্থানীয় লোকজন শিশুটির কান্না শুনতে পেয়ে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

ইত্তেফাক/এসি