করোনার প্রভাব থেকে এখনো মুক্তি পায়নি পুরো বিশ্বের মতো বাংলাদশেও। তারকাদের অনেকের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে প্রায়ই। সম্প্রতি করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ। তবে তার অবস্থা এখন উন্নতির পথে। জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ ইত্তেফাককে বলেন, ‘তাকে আইসিইউ থেকে কেবিনে নিয়ে নেওয়া হয়েছে। করোনা নিয়ে যে ভয় ছিল সেটি এখন নেই। শ্বাসকষ্টের যে সমস্যা ছিল সেখান থেকেও উন্নতির পথে। এখন ২ লিটার করে অক্সিজেন দেওয়া হচ্ছে। যেটি না দিলেও খুব একটা সমস্যা নেই। সবার কাছে দোয়া চাই। দ্রুত যেন তিনি হাসপাতাল থেকে ফিরতে পারেন।’
গত ৪ নভেম্বর জ্বরে আক্রান্ত হলে জুয়েল আইচের কোভিড পরীক্ষা করা হয়। পরীক্ষার মাধ্যমে জানা যায় করোনা আক্রান্ত তিনি। পরবর্তীতে তার শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানকার চিকিত্সায় অবহেলার জন্য বদল করা হয় হাসপাতাল। আরো উন্নত চিকিত্সার জন্য মঙ্গলবার দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দ্রুত ব্যবস্থাপনার মধ্য দিয়ে তার চিকিত্সা শুরু করা হয়। শুরুতে অবস্থা খারাপ থাকলেও চিকিত্সকদের নিবিড় তত্ত্বাবধানে শারীরিক অবস্থা উন্নতি দিকে যাচ্ছে এখন।
জানা যায়, হাসপাতালে ভর্তির সময় জুয়েল আইচের জ্বর ও কাশি ছিল। কিন্তু বর্তমানে তার শ্বাসকষ্ট না থাকলেও তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। করোনা ছাড়াও জুয়েল আইচ ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।
এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন জুয়েল আইচের স্ত্রী ও মেয়ে। বর্তমানে দু’জনই সুস্থ রয়েছেন।