পাকিস্তানে কোয়ারেন্টাইনে তামিম

লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলতে করাচি গিয়েছেন তামিম ইকবাল। গত বুধবার সকালে করাচির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তামিম। এখন করাচিতে দুই দিনের রুম কোয়ারেন্টাইনে রয়েছেন বাঁহাতি এই ওপেনার। এর মধ্যে তার করোনা পরীক্ষা হবে। রিপোর্ট নেগেটিভ আসলে লাহোর কালান্দার্স শিবিরে যোগ দিবেন তিনি। এবং প্লে-অফে খেলবেন।

গতকাল লাহোর কালান্দার্সের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় রুম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি জানিয়েছেন খোদ তামিমই। প্লে-অফে লাহোরের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। অস্ট্রেলিয়ান ক্রিস লিনের বদলি হিসেবে লাহোর শিবিরে ডাক পান তামিম। এই দলে তার সতীর্থ হিসেবে আছেন মোহাম্মদ হাফিজ, লেন্ডল সিমন্স, ডেভিড ভিসেরা। গত মার্চে করোনার কারণে পিএসএলের প্লে-অফ স্থগিত করা হয়েছিল।