আজ আর তারা কেউ তারা নয়, তথাপি নক্ষত্র পরিচিতি;
মেঘবিহীন আকাশে নয়, কুবের নামের একটি সড়কে
রচিত তাদের কক্ষপথ; বলা যায় ধূলিছোঁয়া ছায়াপথ;
কিন্তু সূর্যের রৌদ্রশপথ ভুলে গিয়ে উজ্জ্বল সূর্যের নিচে
তারা এখন আঁধারের প্রমোটার; কী হয়েছে আলিবাবার—
এ প্রশ্নে মুখ খোলে না কোনো স্বাতী কিংবা অরুন্ধতী;
পরাবাস্তবতার চিত্রকল্প হয়ে কাজির কুরসিতে বসে চল্লিশ
চোরের প্রযোজক; আর মরজানার জন্মের ওপর নিষোধাজ্ঞা
লাল রঙের নোটিশ হয়ে ঝুলে আছে মাটিছোঁয়া দিগন্তে;
রাতের শরীর দেখে হাসে ডালে বসা সুমাত্রার বাদামি উল্লুক
গোপাল ভাঁড় নেই, এদের উলঙ্গতা নিয়ে গল্প রচবে কে?
অথচ এখানে বসে দরকারমতো উদীয়মান তারকাদের
কক্ষপথ দেখাতেন, পকেটভর্তি আলো দিয়ে সড়কে আজমে
তুলে দিতেন আকবরীয় আকাশের নক্ষত্রগণ, এমনকি
রাহুগ্রস্ত দিনরাতেও ম্লান ছিল না তাদের মহত্ নাক্ষত্রিকতা।