মোরগফুল

মোরগফুল ঝুঁটি তুলে নাচে আঙিনার বাতাসে

শেফালী মৃদু চোখে তাকায় আড়

কেমন মাদকতার ঘোর পেয়ে বসে তাকে;

উড়াল ডানা নেমে আসে বুকের পর।

জলের সিথানে কাত হয়ে পড়ে থাকে

রঙের আড়ত—বাহারি ঘোমটা খুলে শিয়রে

বসে রঙিন দুপুর;

মোরগফুলের ছন্দে মন তার প্রবল

গ্রাম খোলা দিগন্তের কাছে উদ্দাম;

শেফালী তার হাঁসছানাকে দেখায়

মেটে পুকুরের ডুব।

মোরগফুল হাসে অবিরাম চিমনি গাঁয়ে

কোনো এক রাজার কুমার ঝুঁটি গেঁথে দিয়েছিল

আজ এই মনে ঘর তুলে শেফালী

হাঁসের ছানা পোষে;

যেন তার আগামী রচিত হয়

মোরগ বাসনায় বাগানের মাটিতে

মৌন ঘ্রাণে শুয়ে থাকে শেফালীর পৃথিবী।

মোরগফুল মাথা তোলে ফণায় কামনার আগুনে

ছুঁয়ে দিতে চায় ঘুম।