পিপিপিতে ছয় জেলায় রাইস মিল স্থাপনের উদ্যোগ

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে দেশের ছয় জেলায় ছয়টি কম্পোজিট রাইস মিল স্থাপন করার উদ্যোগ নেওয়া হযেছে। এসংক্রান্ত একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে ভার্চুয়াল পদ্ধতিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর দেশের ফরিদপুর, বরিশাল, ঝালকাঠি, ভোলা, নওগাঁ ও সিলেট এই ছয় জেলায় ছয়টি রাইস মিল স্থাপন করা হবে। এজন্য ‘কনস্ট্রাকশন অব কম্পোজিট রাইস মিলস অ্যালং উইথ ড্রাইং অ্যান্ড স্টোরেজ ফ্যাসিলিটিজ অ্যাট ডিফারেন্ট স্ট্র্যাটেজিক লোকেশনস অ্যাক্রোস দ্য কান্ট্রিজ’ প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এছাড়া অর্থমন্ত্রীর সভাপত্বিতে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় আটটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়টি প্রস্তাব সার আমদানিসংক্রান্ত। সভায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সৌদি আরব থেকে পঞ্চম লটে ২৫ হাজার মেট্রিকটন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার ৫৬ কোটি ৬ লাখ ৭০ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। সৌদি আরব থেকে ষষ্ঠ লটে ২৫ হাজার মেট্রিকটন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ৫৬ কোটি ৬ লাখ ৭০ হাজার টাকায় ক্রয়ের প্রস্তব, সৌদি আরব থেকে সপ্তম লটে ২৫ হাজার বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ৫৬ কোটি ৬ লাখ ৭০ হাজার টাকায় ক্রয়ের প্রস্তাব, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে আরিস ফার্টিলাইজারস গ্রুপ পিটিই লিমিটেড, সিঙ্গাপুরের কাছ থেকে প্রথম লটে ২৫ হাজার মেট্রিকটন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৬৬ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকায় ক্রয়ের প্রস্তাব, সুইস সিঙ্গাপুর ওভারসিজ এন্টারপ্রাইজ পিটিই লিমিটেড, সিঙ্গাপুরেরর কাছ থেকে প্রথম লটে ২৫ হাজার মেট্রিকটন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৬৬ কোটি ৮৬ লাখ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বিএডিসি ও রাশিয়ার সঙ্গে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ২০২০-২১ অর্থবছরের জন্য ১ লাখ ৮০ হাজার লাখ মেট্রিকটন মিউরেট অব পটাশ (এমওপি) সার ৩৪১ কোটি ৩৭ লাখ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় বিদ্যুত্ বিভাগের আওতায় বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুত্ প্রকল্প স্থাপনে চীনা একটি প্রতিষ্ঠানের সঙ্গে ২৫ বছর মেয়াদে চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২৫ বছরে উক্ত কোম্পানিকে ১৫ হাজার ৩২৫ কোটি ৪৩ লাখ টাকা পরিশোধ করতে হবে। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন খুলনা জোনের খুলনা সড়ক বিভাগের আওতাধীন ‘দীঘলিয়া (রেলগেট)-আড়ুয়া-গাজীরহাট-তেরখাদা সড়কের প্রথম কিলোমিটারে ভৈরব নদের ওপর ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের ব্রিজ নির্মাণসহ পূর্ত কাজ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ৩০২ কোটি ৭৮ লাখ ২৬ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।