নেদারল্যান্ডসের সৌদি দূতাবাসে গুলি

নেদারল্যান্ডসের পশ্চিম উপকূলীয় শহর দ্য হেগে নিয়োজিত সৌদি আরবের দূতাবাসে গুলিবর্ষণ করেছে অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গুলি ছোড়ার ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। হামলার পর ঘটনাস্থলে বেশ কয়েকটি গুলির খোসা পাওয়া যায়। 

ডাচ পুলিশ বলছে, স্থানীয় সময় ভোর ৬টার দিকে সৌদি দূতাবাস ভবনে গুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। দেশটির টেলিভিশন চ্যানেলে প্রচারিত ছবিতে দেখা যায়, দূতাবাস ভবনের জানালার গ্লাস ভেঙে রাস্তায় পড়ে আছে এবং জানালায় বুলেটের আঘাতে গর্তের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন: বাইডেনের অভিনন্দন বার্তা আটকে দিচ্ছে ট্রাম্প প্রশাসন

 পুলিশের একজন মুখপাত্র বলেছেন, দূতাবাসে গুলির ঘটনার উদ্দেশ্য জানতে তদন্ত শুরু হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনও পরিষ্কার নয়।

নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে এমন এক সময় গুলির ঘটনা ঘটল, যার একদিন আগে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে জেদ্দায় এক সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে। জেদ্দায় বিদেশি কূটনীতিকদের ওই অনুষ্ঠানে বোমা হামলায় বেশ কয়েকজন আহতও হন।

ইত্তেফাক/এএইচপি