নালিতাবাড়ীতে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার

নালিতাবাড়ী পৌরশহরের কাচারিপাড়ায় ভাড়া বাসা থেকে শাহীন স্কুলের শিক্ষক নাজমুল হাসানের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করা হয়। নাজমুলের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার রুহিলি গ্রামে। পুলিশ জানায়, সকালে নাজমুলের ছাত্রছাত্রীরা প্রাইভেট পড়তে এসে ঘরের দরজা বন্ধ পায়। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সহকর্মী এবং পাশের রুমের ভাড়াটিয়া শামীম মোবাইলে কল দিয়েও কোনো সাড়া পাননি। জানালা দিয়ে দেখেন নাজমুল তার বিছানায় শুয়ে আছেন। বাড়ির মালিক শফিউল আলম খোকন খবর দিলে পুলিশ ঘরের দরজা খুলে নাজমুলের নিথর দেহ বিছানা থেকে উদ্ধার করে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমদ বাদল জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিনো হবে। রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।