মোরেলগঞ্জ থেকে উদ্ধার হওয়া সদ্য ভূমিষ্ট সেই শিশুকে খুলনা বিভাগীয় সরকারি ছোট মনি নিবাসে (বেবি হোম) হস্তান্তর করা হয়েছে। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে শিশুটিকে বেবি হোমে পাঠানো হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, এ পর্যন্ত শিশুটির মা-বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গণ্য করে খুলনা বেবি হোমে পাঠানো হয়েছে। শিশুটিকে দত্তক নেওয়ার জন্য শতাধিক আবেদন পড়েছে বিভিন্ন দপ্তরে। আগামী ৩০ নভেম্বরের পরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ শিশুটির অভিভাবক নির্ধারণ করে তার জিম্মায় দিবেন বলেও এ কর্মকর্তা জানান। উল্লেখ্য, ৩০ অক্টোবর পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের পরিত্যক্ত বাড়ির বাগান থেকে সদ্যজাত ঐ শিশুটিকে উদ্ধার করা হয়।