৩৮তম বিসিএসের নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে সুপারিশপ্রাপ্ত ৫৪১ জনের মধ্যে ৩৭ জন নন-ক্যাডার আবেদনপত্র জমা দেননি। নন-ক্যাডার পদে সুপারিশপ্রাপ্তদের মধ্যে আবেদনপত্র জমা না দেওয়া প্রার্থীদের জন্য শেষবার সুযোগ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২০ নভেম্বরের মধ্যে ঐ ৩৭ জন প্রার্থীকে নন-ক্যাডার আবেদনপত্রের দুই কপি কমিশনের আগারগাঁও শেরেবাংলা নগরস্থ প্রধান কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নন-ক্যাডার আবেদনপত্রের কপি জমা না দিলে সংশ্লিষ্ট পদে তাদের সুপারিশ বাতিল করা হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট ৩৭ জনের রেজিস্ট্রেশন নম্বর পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
গত ২০ অক্টোবর ৩৮তম বিসিএসের নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে ৫৪১ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির [৯ম গ্রেড] পদে সুপারিশ করা হয়। পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমনপ্রার্থী সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। তার মধ্যে নন-ক্যাডার পদে সুপারিশের জন্য আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৩২।
গত ৩০ জুন ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন ক্যাডারের ২ হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। ২০১৭ সালের ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ঐ বছরের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৪ লাখ পরীক্ষার্থী আবেদন করেছিলেন। ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হন। গত বছরের ৮ আগস্ট এই বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। এতে ৯ হাজার ৮৬২ জনকে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়।