দুই মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

দেশে গত এক দিনে আরো ১ হাজার ৮৪৫ জনের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা গত দুই মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গত ১০ সেপ্টেম্বর এর চেয়ে বেশি নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন ১ হাজার ৮৯২ জন রোগী শনাক্ত হয়।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে শনাক্ত নতুন রোগী নিয়ে দেশে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জন। আর আক্রান্তদের মধ্যে                  গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৪০ জনে। বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৭৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা পরীক্ষার পরিমাণ বেড়েছে। ১১৫টি ল্যাবে ১৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৯ জন পুরুষ আর নারী চার জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি এবং চার জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। মৃতদের মধ্যে আট জন ঢাকা বিভাগের, দুই জন রংপুর বিভাগের এবং এক জন করে মোট তিন জন চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৬ হাজার ১৪০ জনের মধ্যে ৪ হাজার ৭২৮ জনই পুরুষ এবং ১ হাজার ৪১২ জন নারী।