পূর্ব সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় অবাধে মাছ শিকার

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের অগ্নিকাণ্ড প্রবণ তুলাতলা ও নিশানখালীর নিষিদ্ধ এলাকার বিলে ফ্রিস্টাইলে মাছ ধরা হচ্ছে। এতে আবারও বনে আগুন লাগার আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বনে অগ্নিকাণ্ডের স্থান তুলাতলা বিল ও নিশানখালী খালে চলছে অবাধে মাছ ধরা। মাছ ধরায় জড়িত লোকজন বেআইনিভাবে বনের মধ্যে ঘর বানিয়ে সেখানে রাত্রিযাপন ও রান্নাবান্না করে। এরা ৮/১০ জনের গ্রুপে বিভক্ত হয়ে বিলের পানিতে কারেন্ট জাল পেতে মাছ ধরে থাকে। শরণখোলার পশ্চিম রাজাপুর বটতলা গ্রামের কতিপয় লোক ধানসাগর স্টেশনের বনরক্ষীদের ম্যানেজ করে প্রতিদিন তুলাতলা বিল থেকে কারেন্ট জাল দিয়ে এক-দেড় মণ শিং, মাগুর ও কৈ মাছ ধরে খুলনা, ঢাকায় চালান দিচ্ছে। অনেকে উপজেলার বাজারসমূহেও বিক্রি করছে। বনসংলগ্ন পশ্চিম রাজাপুর এলাকার একটি প্রভাবশালী মহল এই মাছ ধরা চক্রের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। বিলে মাছ ধরার কারণে ঐ এলাকায় নতুন করে অগ্নিকাণ্ডের আশঙ্কা করছেন গ্রামবাসী। মাছ ধরার কারণে গত কয়েক বছরে বেশ কয়েকবার ঐ এলাকার বনে আগুন লাগে বলে এলাকাবাসী জানান।

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এনামুল হক মুঠোফোনে বলেন, বনের বিলে মাছ ধরার খবর তার জানা নেই, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।