রায়পুরে ক্লিনিকে ধর্ষণের শিকার গৃহবধূ

লক্ষ্মীপুরের রায়পুরে স্বাস্থ্য ক্লিনিকের ভেতরে গৃহবধূ ধর্ষণের ঘটনায় এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক জেলহাজতে এবং নান্দাইলে প্রতিবন্ধী কিশোরী ও এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, স্বাস্থ্য ক্লিনিকে ওষুধ আনতে গিয়ে দিনে দুপুরে স্বাস্থ্যকর্মীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (৩০)। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির চরকাছিয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে স্বাস্থকর্মী আবদুল মান্নানকে আসামি করে থানায় মামলা করেন ঐ গৃহবধূ। এ ঘটনার পর    থেকে একই এলাকার অভিযুক্ত স্বাস্থকর্মী আব্দুল মান্নান পলাতক রয়েছেন। রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, ধর্ষিতা নারী বাদি হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ঈশ্বরগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের কালিবাড়ি রোডে এই ধর্ষণের ঘটনা ঘটে। বুধবার শিশুটির বাবা প্রতিবেশী গোপাল গৌড়ের পুত্র ধর্ষক শাওন গৌড়কে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ শাওনকে আটক করে ময়মনসিংহের চার নম্বর আমলি আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট ড. রাশেদ হোসাইন তাকে জেলহাজতে প্রেরণ করেন।

নান্দাইল (ময়মনসিংহ ) সংবাদদাতা জানান,  উপজেলার বেলতৈল গ্রামের আব্দুল রশিদের পুত্র হুমায়ুন বুধবার সম্পর্কে তার চাচাতো বোন এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির বাড়িতে কেউ ছিল না। ঘটনার সময় ঐ কিশোরী হুমায়ুনকে জাপটে ধরে চিত্কার শুরু করলে বাড়ির আশেপাশের লোকজন এসে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশ এসে হুমায়ুনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

অপরদিকে উপজেলার ভাটি কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে বুধবার মোশাররফ নামের এক যুবক ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীটি পাছপাড়া এলাকায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করে। বুধবার ছাত্রীটি নানার বাড়ির পিছনে লাকড়ি তৈরি করার সময় মোশাররফ ধর্ষণের চেষ্টা করলে ছাত্রীটির কান্নাকাটিতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মোশাররফ পালিয়ে যায়। অভিযুক্ত মোশাররফের বাড়ি শেরপুর ইউনিয়নের পাচরুখী গ্রামে। সে পাছপাড়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে এই ঘটনা ঘটায়।