চট্টগ্রামে শিশুকে জঘন্য নির্যাতন, আনসার সদস্য আটক

চট্টগ্রামে ১২ বছরের একটি শিশুর পায়ুপথে লাঠি ঢুকিয়ে নির্যাতনের দায়ে রুবেল সর্দার নামের এক আনসার সদস্যকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা গঙ্গাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নির্যাতনের শিকার শিশুটির নাম আপন দাশ। সে স্থানীয় সাবিত্রীসুধা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তার পিতা প্রয়াত রুপন দাশ। তার মা নগরীর একটি ক্লিনিকের আয়া। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির        এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, শিশুটির শরীরের জখম গুরুতর হওয়ায় তার শরীরে জরুরি অস্ত্রোপচার করছেন চিকিত্সকরা।

কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন জানান, পাথরঘাটায় আনসার সদস্যরা একটি সম্পত্তি পাহারায় নিয়োজিত আছে। কয়েক জন শিশু সেখানে গেলে একটি শিশুকে নির্যাতন করে আনসার সদস্য রুবেল সর্দার। প্রাথমিকভাবে জানা গেছে, লাঠি দিয়ে তার পায়ুপথে আঘাত করা হয়েছে। ঘটনায় জড়িত আনসার সদস্য রুবেলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটির পরিবার থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাইলে সহযোগিতা করা হবে।