উন্নয়নের স্বার্থে শান্তি বজায় রাখা একান্ত দরকার :প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকের হাত থেকে সমাজকে রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশের বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা একান্তভাবে দরকার। গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা-কর্মচারিদের জন্য নব নির্মিত দুটি আবাসিক ভবন এবং একটি অফিসার্স মেসের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সেনানিবাসের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।  পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের শক্তিকে আমাদের উন্নয়নের কাজে লাগাতে হবে। সরকার দেশকে       জাতির পিতার কাঙ্ক্ষিত অবস্থানেই নিয়ে যেতে চায়, যেখানে দেশের প্রতিটি মানুষ পেট ভরে খাবে, হেসে খেলে সুন্দরভাবে বাঁচবে। আমরা সেটাই করতে চাই। তাই দেশের শান্তি বজায় রাখা একান্তভাবে দরকার। এ জন্য আমাদের সকলেরই নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব রয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের দেশটাকে গড়তে হবে। আমাদের প্রত্যেকের কিন্তু যার যার একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’ ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী একান্তভাবে অপরিহার্য’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর জাতির পিতা একদিকে যেমন যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলেছেন অপরদিকে সশস্ত্র বাহিনীকেও যথাযথভাবে গড়ে তুলেছেন। জাতির পিতার প্রতিরক্ষা নীতিমালার আলোকেই বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কাজ করে যাচ্ছে।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠার সঙ্গে দেশ ও মানুষের প্রতি কর্তব্য পালনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিষ্ঠার সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি, মানুষের প্রতি কর্তব্য পালন করবেন সেটাই আমাদের কামনা।’ শেখ হাসিনা বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মাদক এগুলোর হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে পারলে আমাদের যুব সমাজের মেধা আমরা কাজে লাগাতে পারব। দেশের মানুষের শক্তিটাকে আমরা উন্নয়নের জন্য কাজে লাগাতে পারব।

ডিজিএফআই-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মাদ সাইফুল আলম অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রতিরক্ষা সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এবং পিএমও সচিব তোফাজ্জেল হোসেন মিয়া অন্যান্যের মধ্যে গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন।