বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের শেখা উচিত :সিইসি

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গণনায় দীর্ঘ সময় লাগার বিষয়টি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ভোট পদ্ধতি থেকে বাংলাদেশের যেমন শেখার আছে, তেমনি যুক্তরাষ্ট্রেরও কিছু শেখার আছে বাংলাদেশ থেকে। আমাদের কাছ থেকেও তাদের শিক্ষা নেওয়া উচিত। কারণ, আমেরিকা চার-পাঁচ দিনেও ভোট গণনা করতে পারে না। আমরা ইভিএমের মাধ্যমে চার-পাঁচ মিনিট থেকে ১০ মিনিটের মধ্যে ভোট গণনা করি কেন্দ্রে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেই। এমন ব্যবস্থা যুক্তরাষ্ট্রে নেই মন্তব্য করে সিইসি বলেন, তাদের আড়াই শ বছরের গণতান্ত্রিক অভিজ্ঞতায় এটা এখনো অ্যাড্রেস করতে পারেনি।’ গতকাল বৃহস্পতিবার সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এমন মন্তব্য করেন।

গত মঙ্গলবার সরকার ও নির্বাচন কমিশনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শিক্ষা নিতে বলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার পালটা প্রধান নির্বাচন কমিশনার দাবি করলেন, তাদের কাছে যুক্তরাষ্ট্রের শেখার আছে।

সিইসি নূরুল হুদা ঢাকা-১৮ সংসদীয় আসনের ভোটার। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। ভোটদান শেষে তিনি বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থী একটি কেন্দ্রও ‘দখল করেননি, দখলের পাঁয়তারা করেননি।’

আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন তার এজেন্টদের ‘ভয়ভীতি দেখানো হচ্ছে’ বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে সিইসি বলেন, বিএনপির প্রার্থীর অভিযোগের কোনো ‘সত্যতা নেই’। কেন্দ্র দখল বা এজেন্ট বের করে দেওয়ার মতো কোনো ঘটনাও এবার ঘটেনি।

বিএনপির অভিযোগের সত্যতা আছে বলে ‘মনে করেন না’ জানিয়ে সিইসি বলেন, ৪৯ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে, ঢুকতে দেয়নি (বলে অভিযোগ)। রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের মাধ্যমে খোঁজ নিয়েছি—অভিযোগ ভিত্তিহীন। তাদের (এজেন্ট) যায়নি। বিএনপির কোনো এজেন্ট প্রিজাইডিং অফিসারের কাছে রিপোর্ট করেনি।

এবার এই উপনির্বাচনের দিন নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি না রাখায় ভোটারদের উপস্থিতি বেড়েছে মন্তব্য করে সিইসি বলেন, অনেক সময় দেখেছি সাধারণ ছুটি দিলে দুই দিন আগে ভোটাররা বাড়ি চলে যায়। এজন্য ভোটার টার্নআউট কম হয়। অফিস খোলা থাকলে ভোট দিতে আসে, ভোট দিতে তো বেশি সময় লাগে না।

ইভিএমে দ্রুত ফল ঘোষণা ও কেন্দ্রে ফল দেওয়ার ‘ইতিবাচক দিক’ তুলে ধরতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন রাজ্যে ফল ঘোষণার বিলম্বের প্রসঙ্গ টানেন নূরুল হুদা।

ঢাকা-১৮ সংসদীয় আসনের পাশাপাশি গতকাল সিরাজগঞ্জ-১ আসনেও উপনির্বাচন হয়। উভয় আসনে ইভিএমে ভোট নেওয়া হয়।