চলমান করোনা ভাইরাস মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আবারও বাড়িয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্বব্যাপী মহামারির কথা বিবেচনায় নিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য সিলেবাস শেষ করতে শিক্ষা মন্ত্রণালয় চিন্তাভাবনা করলেও সেখান থেকে পিছিয়ে এসেছে।
দেশে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। শেষ পর্যন্ত নতুন করে আবারও এ ছুটি বাড়ানো হলো।