ব্যাংকের বোর্ডসভায় বহিরাগতরা অংশ নিতে পারবে না

নিয়ম অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে পর্ষদ সদস্য, কোম্পানি সচিব বৈঠকে অংশ নিতে পারবেন। কিন্তু এ বৈঠকে ব্যাংকের শেয়ার হোল্ডার, ব্যাংকের কর্মকর্তা, সিবিএ নেতা ও ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিরাও অংশগ্রহণ করছে। এমন প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতিতে বোর্ড সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিরা যাতে সভায় প্রবেশ না করে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানি সচিব ও চেয়ারম্যানদের চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেখানে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে কতিপয় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় বহিরাগত ব্যক্তি, ব্যাংকের কর্মকর্তা এবং শেয়ার হোল্ডার উপস্থিত থেকে সভায় অংশগ্রহণ করছেন। ফলে সভাসমূহে আলোচিত গোপনীয় বিষয়াবলি প্রকাশিত হয়ে যাচ্ছে। যা আমানতকারীদের জন্য হুমকিস্বরূপ।

জানা গেছে, শুধু বহিরাগত ব্যক্তিই নয়, পরিচালকদের প্রতিনিধি হিসেবেও অনেকে বৈঠকে যোগ দিচ্ছেন। অভিযোগ রয়েছে, নারী পরিচালকদের বদলে তাদের স্বামী, কোম্পানির পক্ষে নিযুক্ত পরিচালকদের স্থলে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন পর্ষদের বৈঠকে। এমনও অভিযোগ উঠেছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত পরিচালককে সভার বাইরে বসিয়ে রেখে, কোম্পানির পক্ষে নিযুক্ত ব্যক্তিই বৈঠকে অংশ নিচ্ছেন। বৈঠকের পুরো সময় পরিচালকরা বাইরে অবস্থান করেন। বৈঠক শেষে এজেন্ডায় ও সিদ্ধান্তে তারা শুধু স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় ব্যাংকের পরিচালকগণ, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব ব্যতীত অন্য কোনো বহিরাগত ব্যক্তি বা শেয়ার হোল্ডার উপস্থিত থাকতে পারবেন না। অবশ্য পর্ষদের সহায়ক কমিটির প্রয়োজনে কোনো কর্মকর্তা সাময়িক সময়ের জন্য বৈঠকে উপস্থিত থাকতে পারবেন। এজেন্ডার সঙ্গে সম্পৃক্ত বিষয়ের ওপর তথ্য পরিবেশন, ব্যাখ্যা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে পারবেন। তথ্য পরিবেশন শেষেই তাদের বৈঠক ত্যাগ করতে হবে। কোনো অবস্থাতেই তারা মতামত দিতে পারবেন না। এমনকি তাদের উপস্থিতিতে কোনো আলোচনা-পর্যালোচনাও করতে পারবেন না পর্ষদ সদস্যরা। অনুমোদিতের বাইরে কোনো ব্যক্তিই পর্ষদের বৈঠকে অংশ নিতে পারবেন না।