নৈরাশ্য থেকে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা মাহবুব তালুকদারের

নির্বাচন নিয়ে নৈরাশ্য থেকে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রত্যাশা করে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ার সংস্কার না হলে দেশ অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হতে পারে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে দেশের স্থিতিশীলতা, সামাজিক অস্থিরতা ও ব্যক্তির নৈরাশ্য বৃদ্ধি পায়। নৈরাজ্য প্রবণতা কোনো গণতান্ত্রিক দেশের জন্য মোটেই কাম্য নয়।

গতকাল বৃহস্পতিবার ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এক ব্রিফিংয়ে মাহবুব তালুকদার এই আশঙ্কা প্রকাশ করেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এই ব্রিফিং করেন তিনি।

মাহবুব তালুকদার জানান, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি ঢাকা-১৮ নির্বাচনী এলাকার নিকুঞ্জ, খিলক্ষেত ও উত্তরার ১৪টি কেন্দ্রের ৭০টি বুথ পরিদর্শন করেন।

মাহবুব তালুকদার বলেন, এই নির্বাচন মোটেই অংশগ্রহণমূলক হয়নি। তিনি বিরোধী দলের কোনো পোলিং এজেন্ট কোনো কেন্দ্রে দেখেননি। কেবল কুর্মিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে নারী পোলিং এজেন্টের উপস্থিতি দেখতে পেয়েছেন। মাহবুব তালুকদারের পর্যবেক্ষণ, পুরো নির্বাচনী এলাকায় একটি দলের পোস্টার, প্ল্যাকার্ড ও বিলবোর্ড দেখা গেছে, যা আচরণবিধি অনুযায়ী নির্বাচনের আগেই সরিয়ে ফেলা উচিত ছিল।