অর্থ আত্মসাতের মামলায় ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীকে নিন্ম আদালতের দেওয়া জামিন স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান ও রাশেদুলের পক্ষে শাহরিয়ার বিপ্লব শুনানি করেন।
ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় পৃথক মামলা করে দুদক। এর মধ্যে ১৫৯ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী, তার স্ত্রী ও ছেলে রাশেদুল হক চিশতীসহ সাত জনের বিরুদ্ধে ২০১৮ সালের ১০ এপ্রিল গুলশান থানায় মামলা করে দুদক। এই মামলায় ১৯ মে ঢাকার বিশেষ জজ আদালত-৬ হতে জামিন পান তিনি।