ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে :ইসি

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন, কোথাও কোনো খারাপ খবর পাইনি। ভোটকেন্দ্রে গণ্ডগোল হয়েছে, মারমারি হয়েছে বা ভোটকেন্দ্র বন্ধ করতে হয়েছে এ ধরনের সংবাদ গণমাধ্যমেও দেখিনি। এ দুই আসনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যা ৬টার আগে নির্বাচন ভবনে এক প্রতিক্রিয়ায় সচিব এসব কথা বলেন।

বিএনপির ভোট বাতিলের দাবি প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব বলেন, ‘তাদের এটা জেনারেল অভিযোগ। তারা সুনির্দিষ্ট অভিযোগ করতে পারেননি। সিইসি তাদের আশ্বস্ত করেছেন, তারা যদি ভোট বাতিল হওয়ার মতো সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ও প্রমাণ দিতে পারেন, তাহলে আমরা ভোট বাতিল করব। কিন্তু প্রমাণ না দিতে পারলে নির্বাচন বাতিল করার সুযোগ নাই। আমাদের কাছে যে তথ্য, তাতে এ ধরনের ঘটনার তথ্য আমাদের কাছে আসেনি।’