বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর আন্দোলন-সংগ্রামের ইতিহাস আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতাকে সম্মান জানাতে ১৪৭ বিধিতে এ সাধারণ আলোচনার প্রস্তাব উত্থাপন করেন।
বক্তৃতার শুরুতেই হারুনুর রশিদ বলেন, জাতীয় নেতাদের অবদান স্বীকার করা, অবশ্যই তাদের সম্মান আমাদের জানাতে হবে। আমি প্রধানমন্ত্রীর মায়ের একটি লেখা যা দৈনিক বাংলায় প্রকাশিত, সেটা দিয়ে শুরু করছি। স্বাধীনতার পর এই লেখাটি ছাপা হয়।
লেখা পড়া শেষ করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের আর্মির গ্রেফতার ও তার উপরে অত্যাচার নির্যাতনের আমি তীব্র নিন্দা জানাই। বঙ্গবন্ধু যখন হত্যাকাণ্ডের শিকার হন, আমি তখন ৮ম শ্রেণীর ছাত্র। মুজিববর্ষ উপলক্ষে সংসদে প্রধানমন্ত্রী এই প্রস্তাব এনেছে, সংসদে সদস্যরা আলোচনা স্মৃতিচারণ করছেন, এটার প্রয়োজন ছিল।