সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটিয়ে দেরিতে হলেও টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৮৭৩ জন পর্যটক নিয়ে স্বপ্নের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যাত্রা করেছেন কেয়ারী সিন্দাবাদ ও ফারহান ক্রুজ নামের দুটি বিলাস বহুল জাহাজ। 

১৩ নভেম্বর শনিবার সকালে টেকনাফ দমদমিয়াস্থ জেটিঘাট হতে সেন্টমার্টিনের বাসিন্দা এবং পর্যটকদের নিয়ে মৌসুমের প্রথম জাহাজ চলাচল শুরু করা হয়।
এর আগে বিআইডব্লিউটিএর প্রতিনিধি দল ও উপজেলা প্রশাসন জাহাজ ঘাট পরিদর্শন করেন। দুপুর ১২টায় পর্যটক বোঝাই কেয়ারী সিন্দাবাদ ৩৩৭জন ও ফারহান ক্রুজ ৫৩৬ জন পর্যটক নিয়ে নিরাপদে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছেন। এসময় দ্বীপের লোকজন পর্যটকদের স্বাগত জানায়।

এই ব্যাপারে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন,সেন্ট মার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চালু হওয়ায় বেকার হয়ে পড়া এলাকাবাসীর কর্মসংস্থান ফের চালু হওয়ায় দ্বীপবাসী আনন্দিত। আমরা পর্যটকদের নিরাপত্তা এবং সব ধরণের সেবা দিতে প্রস্তুত আছি। 

সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক মো. তারেক মাহমুদ জানান, পর্যটকদের নিরাপত্তার জন্য দিবারাত্রি টহল জোরদার করা হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি টুরিস্ট পুলিশ এবং অন্য আইন শৃঙ্খলা বাহিনীও পর্যটকদের নিরাপত্তায় কাজ করছেন।

আরও পড়ুন: দুই বন্ধুর মনোমানিল্য রূপ নিলো খুনোখুনিতে

বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সহকারী পরিচালক নয়ন শীল জানান, সেন্ট মার্টিন নৌ পথে চলাচলের জন্য কেয়ারী সিন্দাবাদ এবং ফারহান ক্রুজকে অনুমতি দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে ৩১মার্চ পর্যন্ত ওই রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাইফ জানান, জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর অনুমতি ও শর্ত সাপেক্ষে সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে।

ইত্তেফাক/এসি