এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান প্রস্তুতি

অলোক কুমার মিস্ত্রী

বিভাগীয় প্রধান, জীববিজ্ঞান বিভাগ 

সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, পিরোজপুর।

প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও, জীববিজ্ঞান ১ম ও ২য় পত্রে কীভাবে অধিক নম্বর পাওয়া যায় সে বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়া হলো, জীববিজ্ঞান বিষয়ে অধিক নম্বর পাওয়া জটিল কিছু নয়। আর এ জন্য দরকার পাঠ্যবইয়ের অতীব গুরুত্বপূর্ণ সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নগুলো অনুধাবন করে পাঠ নিয়ে, বেশি বেশি খাতায় না দেখে লেখার অভ্যাস গড়ে তোলা। প্রিয় পরীক্ষার্থীরা, খেয়াল রাখতে হবে উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞানে উত্তর সংশ্লিষ্ট চিত্রটি যথাযথ উপস্থাপন ও চিহ্নিত করা অধিক নম্বর প্রাপ্তিতে সহায়ক। বৈজ্ঞানিক নামের নিচে দাগ টানা কিংবা উদ্দীপক বুঝে সঠিক উত্তর উপস্থাপন করা-এ বিষয়গুলো সতর্কতার সহিত বিবেচনায় রাখতে হবে। জীববিজ্ঞানের একজন বোর্ড পরীক্ষকের কাছ থেকে ভালো নম্বর পেতে হলে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের সঠিক তথ্যসমৃদ্ধ উত্তর এবং প্রয়োগমূলক প্রশ্নের সাথে সংশ্লিষ্ট চিত্র এবং  উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের তথ্য ও উপাত্ত সমৃদ্ধ বিশ্লেষণধর্মী লেখা চাই। তাই প্রশ্নের সাথে সঙ্গতি নেই, এ রকম বিষয় পরীক্ষার উত্তরপত্রে উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে। চিত্র সংবলিত প্রশ্নের ক্ষেত্রে চিত্র আঁকা ও চিহ্নিতকরণে যত্নশীল হতে হবে। সেই সাথে উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে নজর দিতে হবে। মনে রাখতে হবে, কঠোর অধ্যবসায়ই সঠিক লক্ষ্যে পৌঁছানোর মূলমন্ত্র। ২০২১ সালে সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হলো-জীববিজ্ঞান ১ম পত্রে-অধ্যায়-০১ কোষ ও এর গঠন, অধ্যায়-০২ কোষ বিভাজন, অধ্যায়-০৩ কোষ রসায়ন, অধ্যায়-০৪ অনুজীব, অধ্যায়-০৫ শৈবাল ও ছত্রাক, অধ্যায়-৬ ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, অধ্যায় -০৭ নগ্নবীজী ও আবৃতবীজী , অধ্যায়-০৯ উদ্ভিদ শারীরতত্ত্ব , অধ্যায়-১১ জীবপ্রযুক্তি, অধ্যায়-১২ জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ এবং জীববিজ্ঞান ২য় পত্রে-অধ্যায়-০১ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, অধ্যায়-০২ প্রাণীর পরিচিতি (ঘাসফড়িং ও রুই মাছ টপিক), অধ্যায়-০৪ মানব শারীরতত্ত্ব : রক্ত ও সংবহন, অধ্যায়-০৫ মানব শারীরতত্ত্ব : শ্বসন ও শ্বাসক্রিয়া, অধ্যায়-০৬ মানব শারীরতত্ত্ব : বর্জ্য ও নিষ্কাশন, অধ্যায়-০৭ মানব শারীরতত্ত্ব : চলন ও অঙ্গ চালনা, অধ্যায়-০৮ মানব শারীরতত্ত্ব : সমন্বয় ও নিয়ন্ত্রণ, অধ্যায়-১০ মানব দেহের প্রতিরক্ষা, অধ্যায়- ১১ জীনতত্ত্ব ও বিবর্তন, অধ্যায়-১২ প্রাণীর আচরণ।  আশা করি, পরীক্ষার্থীরা গুরুত্ব বুঝে এই অধ্যায়গুলো মনোযোগ সহকারে পাঠ নিলে অন্তত জীববিজ্ঞান ১ম পত্র প্রশ্ন থেকে ৫টি এবং জীববিজ্ঞান ২য় পত্র প্রশ্ন থেকে ৫টি সৃজনশীল প্রশ্নের উত্তর অতি সহজে দিতে পারবে।