১২০ জনেরও বেশি আরোহী নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাটি উলটে গেলে এ দুর্ঘটনা ঘটে
আলজাজিরা
লিবিয়া উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ৭৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের একটি সংস্থা এ খবর জানিয়েছে।
জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা আইওএম জানিয়েছে, নৌকাটি একদিন আগে লিবিয়ার খোমস শহর থেকে রওনা হয়। ১২০ জনেরও বেশি আরোহীকে নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ঐদিন নৌকাটি উলটে গেলে এ দুর্ঘটনায় পড়ে। স্থানীয় জেলে এবং লিবিয়ার কোস্ট গার্ডের সদস্যরা পরে ৪৭ জনকে জীবিত এবং এক শিশুসহ ৩১টি মৃতদেহ উদ্ধার করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। উত্তর আফ্রিকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার এ বিপজ্জনক পথে প্রায়ই বিভিন্ন নৌযান দুর্ঘটনায় পড়ে। গত ১ অক্টোবর থেকে ?বৃহস্পতিবার পর্যন্ত এরকম অন্তত আটটি নৌকা ডুবেছে। চলতি বছর কেবল ভূমধ্যসাগরেই ইউরোপ পৌঁছানোর চেষ্টা করা অন্তত ৯শ জনের সলিল সমাধি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সমুদ্রের বিপজ্জনক এ পথ পাড়ি দিতে চেষ্টা করা ১১ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করে লিবিয়ায় ফেরতও পাঠানো হয়েছে। জাতিসংঘের এ সংস্থার তথ্য মতে, বৃহস্পতিবারের আগের দুই দিনেই ভূমধ্যসাগরের কেন্দ্রস্থলে দুটি নৌকা উলটে দুই শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ওই অঞ্চলে থাকা বেসরকারি একটি সংস্থার উদ্ধারকারী জাহাজ ‘ওপেন আর্মস’ তিনটি পৃথক অভিযানে দুই শতাধিক মানুষকে উদ্ধার করেছে। এর আগে চলতি বছরের অক্টোবরে সেনেগালের কাছে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছিল।