আক্ষেপ নেই রাজশাহীর

জান-ই-আলম

বঙ্গবন্ধু টি-২০ কাপের ড্রাফট থেকে ‘এ’ গ্রেডের কোনো ক্রিকেটার দলে নেয়নি মিনিস্টার গ্রুপ রাজশাহী। ড্রাফটে চতুর্থ দল হিসেবে খেলোয়াড় ডাকার সুযোগ পাওয়া রাজশাহী মাহমুদউল্লাহ রিয়াদ বা মুস্তাফিজুর রহমানকে দলে নিতে পারত। করোনা আক্রান্ত হওয়ায় মাহমুদউল্লাহকে নিয়ে দ্বিধা এবং বাঁহাতি পেসার মুস্তাফিজকে টপকে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে প্রথম ক্রিকেটার হিসেবে দলে নেয় রাজশাহী।

পরে সুযোগ পেয়ে জেমকন খুলনা দলে ভেড়ায় মাহমুদউল্লাহকে। তাই ‘এ’ গ্রেডের ক্রিকেটার ছাড়াই টুর্নামেন্টে খেলতে হবে রাজশাহীকে। বড় তারকা কাউকে না পেলেও আক্ষেপ নেই দলটির। কোচ সরোয়ার ইমরান গতকাল বলেছেন, ‘এ’ গ্রেডের পাঁচ ক্রিকেটারের কেউ না থাকলেও দল নিয়ে সন্তুষ্ট। দল হিসেবে পারফরম করলে টুর্নামেন্টের শীর্ষে থাকা সম্ভব বলে মনে করেন অভিজ্ঞ এই কোচ।

‘এ’ গ্রেডের কাউকে দলে না পাওয়ার আক্ষেপ রয়েছে কি না, জানতে চাইলে সরোয়ার ইমরান গতকাল বলেছেন, ‘আফসোস কিছু না, পেলে ভালো হতো।’

ড্রাফটে মাহমুদউল্লাহ, মুস্তাফিজকে নেওয়ার সুযোগ হাতছাড়া করার কারণ জানাতে গিয়ে রাজশাহীর কোচ বলেছেন, ‘আমরা যখন ৪ নম্বরে ডাক পেয়েছি, তখন রিয়াদ আর মুস্তাফিজ ছিল। রিয়াদের আবার করোনা। করোনা থেকে উঠবে, দেখলাম যে ২৫ তারিখের আগে ফুল ফিট হবে না। আমরা তখন চিন্তা করলাম যে, মুস্তাফিজকে না নিয়ে আমরা একজন অলরাউন্ডার সাইফউদ্দিনকে নেই। পরে আরেক অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে নিয়েছি। এটা ড্রাফট তো ভাগ্যের বিষয়ও আছে। আমরা মিসও করেছি। আমাদের টার্গেট ছিল লিটন দাস।’

আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, রনি তালুকদার, ফজলে রাব্বি, নুরুল হাসান সোহানের মতো অভিজ্ঞরা রয়েছেন দলে। আবার সাইফউদ্দিন, শান্ত, মুগ্ধ, মেহেদী হাসানের মতো তরুণরা আত্মবিশ্বাস যোগাচ্ছে রাজশাহীকে। দল সম্পর্কে সরোয়ার ইমরান বলেছেন, ‘এই দল নিয়ে আমি খুশি। হয়তো আরো ভালো দল করা যেত সুযোগ থাকলে, কিন্তু সুযোগ ছিল না। তারপরও যে দল হয়েছে আমরা আশা করি টপে থাকতে পারব।’

মিনিস্টার গ্রুপ রাজশাহী

মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকদার, আনিসুল হক ইমন, রেজাউর রহমান, রাকিবুল হাসান, জাকের আলী অনিক, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।