স্টিভ ওয়াহ ও রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জাস্টিন ল্যাঙ্গার। যে দুটি দলকে রাখা যায় ক্রিকেট ইতিহাসের সেরা দলগুলির ছোট্ট তালিকায়। অনেক কিংবদন্তির সঙ্গে ল্যাঙ্গার খেলেছেন, খেলোয়াড়ী জীবনে ও পরে দেখেছেন আরও অনেককে। তাদের সবার চেয়ে এগিয়ে রাখছেন তিনি বিরাট কোহলিকে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে অনলাইন সংবাদ সম্মেলনে কোহলিকে তার দেখা সেরা উল্লেখ করে কারণও ব্যাখ্যা করলেন ল্যাঙ্গার, ‘আগেও বলেছি, সে (কোহলি) সম্ভবত আমার জীবনে দেখা সেরা খেলোয়াড়। সেটি অনেক কারণেই। শুধু তার ব্যাটিংয়ের কারণেই নয়, প্রাণশক্তি একটা বড় ব্যাপার। খেলাটির প্রতি তার প্যাশন, যেভাবে ফিল্ডিং করে।’