পা মাটিতেই রাখছেন জেমি

স্পোর্টস রিপোর্টার

বড় বিরতির পর মাঠে নেমেই নেপালের বিপক্ষে ২-০ ব্যবধানের দারুণ জয়। তাতে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত হলেও বাংলাদেশ কোচ জেমি ডে পা রাখছেন মাটিতেই। জানালেন, কাতারের মুখোমুখি হওয়ার আগে উন্নতি চাই আরো।

গতকাল শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাবিব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফীলের গোলে জয় মেলে বাংলাদেশের। এজন্যে ফেডারেশন ইতিমধ্যেই জামাল ভুঁইয়াদের জন্যে ১০ লাখ টাকাও পুরস্কার ঘোষণা করে দিয়েছে! তবে কোচ জেমি কথা বললেন ভিন্ন সুরেই। জানালেন, পা রাখতে হবে মাটিতেই। বললেন, ‘আমার জন্যে এটা একটা প্রাক মৌসুম ম্যাচ। জয়টা ভালো তবে প্রীতি ম্যাচ হিসেবে কোনো চোট হয়নি, খেলোয়াড়রাও ভালো খেলেছে এটা আরো ভালো ব্যাপার। তবে দ্বিতীয় ম্যাচটা আরো কঠিন হবে। এ জয়ের উল্লাসে ভেসে যাওয়া চলবে না।’

ম্যাচের আগেই কোচ জেমি জানিয়েছিলেন, ম্যাচটাকে দেখছেন কাতার ম্যাচের প্রস্তুতি হিসেবেই। জানালেন সে ম্যাচের আগে আরো উন্নতি চাই দলের। বাংলাদেশ কোচের ভাষ্য, ‘বেশ ভালো দুটো গোল হয়েছে আসলে। আরো বেশি হতে পারত। তবে কাতারের বিপক্ষে যখন খেলতে যাব তার আগে আরো উন্নতি প্রয়োজন আমাদের।’

এদিকে নেপাল কোচ হার সত্ত্বেও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট। বললেন, ‘বহুদিন পরে মাঠে নেমেছি। অনুশীলন, অভিজ্ঞতা আর ফিটনেসের অভাবে হেরেছি আমরা। তবে এসব এক পাশে রাখলে দলের পারফরম্যান্স বেশ ভালোই ছিল আজ।’