স্পোর্টস রিপোর্টার
ফিটনেস টেস্টে পাশ করে বঙ্গবন্ধু টি-২০ কাপের ড্রাফটে নাম তুলেছিলেন এক ঝাঁক সিনিয়র ক্রিকেটার। গত বৃহস্পতিবার প্লেয়ার্স ড্রাফটে সিংহভাগ সিনিয়র ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি টুর্নামেন্টের পাঁচটি দল। তাই টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন না আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিস, এনামুল হক জুনিয়র, জুনায়েদ সিদ্দিকীর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। ড্রাফট শেষে সবার মনেই প্রশ্ন, কেন দল পেলেন না রাজ্জাক-নাফিসরা? ড্রাফটে উপস্থিত থাকা মিনিস্টার গ্রুপ রাজশাহীর কোচ সরোয়ার ইমরান বলছেন, যুব বিশ্বকাপ জয়ের পর আকবর আলীরা এইচপির মাধ্যমে মূল স্রোতে চলে এসেছেন। নতুন ৩০-৪০ জন ক্রিকেটার চলে আসায় টি-২০ ফরম্যাটে তাদের প্রতিই আগ্রহ দেখিয়েছে দলগুলো। তাই জুনায়েদ-এনামুলদের মতো অভিজ্ঞরা দল পাননি।
গতকাল জানতে চাইলে সরোয়ার ইমরান বলেছেন, ‘এখন সবাই নতুন খেলোয়াড় খুঁজতেছে। অনূর্ধ্ব-১৯, এইচপি মিলে এখানে ৩০টার মতো নতুন খেলোয়াড় এসে গেছে। আমরা রাজশাহীতে আশরাফুল, ফরহাদ রেজা, রনি তালুকদারকে নিয়েছি। বাঁহাতি স্পিনার আরাফাত সানি, সানজামুল আছে। আমরা আর সিনিয়রের দিকে যাইনি। রাজ্জাকের কথা আলাদা, ও দুর্দান্ত স্পিনার ছিল। এটা টি-২০, এখানে ওয়ানডে-চার দিনের ম্যাচ হলে ওরা সুযোগ পেয়ে যেত। এখানে বয়স, পারফরম্যান্স বিবেচনায় রয়েছে। সবাই আসলে নতুনের দিকে ঝুঁকেছে।’