স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু টি-২০ কাপের ড্রাফট শেষ হয়েছে গত বৃহস্পতিবার। চূড়ান্ত হয়ে গেছে দলগুলোর খেলোয়াড় তালিকা। দল পেয়েছেন ৮০ ক্রিকেটার। আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সময়সূচিও ঘোষণা করেনি বিসিবি। আশা করা হচ্ছে, ২-১ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে। পূর্ব নির্ধারিত ২০ নভেম্বর শুরু হবে না টুর্নামেন্ট। কয়েক দিন পিছিয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপ শুরু হতে পারে ২৪ বা ২৫ নভেম্বর।
যদিও দলগুলোর কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে আজ থেকে। রাজধানীর এক হোটেলে আজ সন্ধ্যায় দলের লোগো উন্মোচন করবে ফরচুন বরিশাল। ইতিমধ্যে তামিম ইকবালকে অধিনায়ক ঘোষণা করেছে দলটি। জানা গেছে, ২০ নভেম্বর দলগুলো হোটেলে উঠবে। তার আগে দলের প্রত্যেক সদস্যের করোনা পরীক্ষা করা হবে। তারপরই দলগুলোর অনুশীলন শুরু হবে। একই সঙ্গে প্রতি দলের জন্য একজন করে কোভিড হেলথ অফিশিয়াল নিয়োগ দিবে বিসিবি।
সংবাদমাধ্যমকে গতকাল এসব তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী। তিনি বলেছেন, ‘আমরা যতটুকু খবর পেয়েছি, ২০ তারিখ হোটেলে উঠবে দলগুলো। ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে ঢুকার আগে করোনা টেস্ট করব। এছাড়া প্রত্যেকটা দলের জন্য কোভিড হেলথ অফিসিয়াল নিয়োগ দেব।’
টুর্নামেন্ট জুড়েই দলগুলো জৈব সুরক্ষা বলয়ের অধীনে থাকবে। পাঁচ দলের এই টুর্নামেন্ট দিয়ে করোনাকালে টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা প্রমাণ করতে চায় বিসিবি। এর আগে তিনটি দল নিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ অনুষ্ঠিত হয়েছিল। যার ধারাবাহিকতায় আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজ আয়োজনে আশাবাদী বিসিবি।