ছিটকেই গেলেন নেইমার

ভেনেজুয়েলার বিপক্ষে নেইমারের না খেলাটা অবধারিতই ছিল, তবে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল দলে তার ফেরার একটা সম্ভাবনা ছিল। সে সম্ভাবনাও শেষ হয়ে গেছে গতকাল শুক্রবার। আগামী বৃহস্পতিবার মন্টেভিডিওতে অনুষ্ঠেয় ম্যাচটিতে নেইমার থাকছেন না, ব্যাপারটি গতকাল এক বিবৃতিতে জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। দলের চিকিত্সক রদ্রিগো লাসমার জানিয়েছেন অনুশীলন থেকে চার দিনের বিরতি তার সেরে ওঠার জন্যে যথেষ্ট নয়, আরো বিশ্রাম চাই তার। নেইমারকে দলের বহর থেকে বাদ দেয়া হয়নি বলে জানাচ্ছে ইএসপিএন। পিএসজি তারকার শূন্যস্থান পূরণে কোচ তিতে দলে ডেকেছেন ফ্ল্যামেঙ্গো স্ট্রাইকার পেদ্রোকে। ২০১৮ সালে দলে ডাক পেলেও হাঁটুর চোটের কারণে সেবার অভিষেক হয়নি তার।