এক মাসেরও বেশি সময় অবস্থান কর্মসূচিতে

ইত্তেফাক রিপোর্ট

প্যানেলের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। ৩৪তম দিন ধরে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। একই সঙ্গে ২৫তম দিনেও আমরণ অনশন পালন করছেন ২০১৮ সালে নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে নিয়োগপ্রত্যাশী প্রার্থীরা এই কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা বলেন, গত ছয় বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটিমাত্র শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় ২৪ লাখ প্রার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৫ হাজার লিখিত পরীক্ষায় পাশ করলেও ১৮ হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়।

তারা বলেন, ‘দীর্ঘদিন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকট থাকলেও প্যানেলভুক্ত প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হচ্ছে না। আগে এ পদ্ধতি অনুসরণ হলেও গত ৯ মাস থেকে যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন করছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে আমরা লাগাতার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’

এ সময় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্যানেলপ্রত্যাশী কমিটির সাধারণ সম্পাদক মো. আবু হাসান, প্রচার সম্পাদক মো. ইলিয়াস ভুঁইয়া, মিরাজুল ইসলাম প্রমুখ আন্দোলনে অংশ নেন।