দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন পাঁচ জন। গতকাল শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৭৬৭ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জন হলো। আর দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ১৫৯ জনে দাঁড়াল।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৫১৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৪৬ হাজার ৩৮৭ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা পরীক্ষার সংখ্যাও কমেছে। বৃহস্পতিবার ১১৫টি ল্যাবে ১৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হলেও শুক্রবার ১৩ হাজার ৫৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৫ লাখ ১৫ হাজার ৩৩৯টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ০৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৭৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।