চট্টগ্রামে ১২ বছরের এক শিশুর পায়ুপথে লাঠি ঢুকিয়ে বর্বর নির্যাতনের ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। নির্যাতনের অভিযোগে আটক আনসার সদস্য রুবেল সর্দারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন শুক্রবার জানান, নির্যাতনের শিকার ১২ বছরের শিশু আপন দাশের মা বাদী হয়ে ঐ থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি নগরীর একটি বেসরকারি ক্লিনিকের আয়া। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি থেকে গতকাল জানানো হয় শিশু আপন চমেক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। বৃহস্পতিবার তার শরীরে চিকিত্সকরা অস্ত্রোপচার করেন। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে এক ব্যাগ রক্তও দেওয়া হয়।
নির্যাতিত আপন দাশ স্থানীয় সাবিত্রীসুধা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবা প্রয়াত রুপন দাশ। পিতৃহীন এই শিশুটি গত বৃহস্পতিবার পাথরঘাটা গঙ্গাবাড়ী এলাকায় আনসারের পাহারাধীন একটি স্থাপনা প্রাঙ্গণে কয়েক জন সমবয়সিদের সঙ্গে ঘুরতে গেলে আনসার সদস্য রুবেল সর্দারের সামনে পড়ে। আপন দাশকে তখন রুবেল সর্দার ধরে ফেললেও অন্যরা দ্রুত সরে যায়। আহত আপন জানায়, লাঠি দিয়ে তার মলদ্বারে প্রচণ্ড জোরে আঘাত করা হয়েছে।