বাসে অগ্নিসংযোগ

জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাজধানীতে ৯ বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে কারা এই ঘটনার পেছনে আছে, সাপোর্ট দিচ্ছে এবং ফান্ড কোথায় থেকে আসছে—সবকিছু খুঁজে বের করতে হবে। গতকাল শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠক সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই জড়িতদের খুঁজে বের করতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। ইতিমধ্যে কিছু কিছু মোবাইল ফোনের কল রেকর্ড পাওয়া গেছে। দুই এক দিনের মধ্যে সবকিছু বের হয়ে যাবে বলে বৈঠকে প্রধানমন্ত্রী জানান। বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, অতীতে কারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে তা দেশবাসী জানে। এবার বাসে আগুন লাগানোর ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না। সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এদিকে আসন্ন সাত উপজেলা, পাঁচ পৌরসভা ও ১৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় একক প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল আওয়ামী লীগ সভাপতি ও দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রার্থী চূড়ান্ত হয়। সন্ধ্যায় দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়—বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার রাণীনগরে মো. আব্দুর রউফ, পাবনার ঈশ্বরদীতে মো. নায়েব আলী বিশ্বাস ও বেড়ায় মো. রেজাউল হককে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া খুলনা বিভাগের সাতক্ষীরার দেবহাটায় মো. মুজিবর রহমান, যশোরের বাঘারপাড়ায় ভিক্টোরিয়া পারভীন সাথী এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. জাহাঙ্গীর খান চৌধুরী ও নোয়াখালীর বেগমগঞ্জে শাহনাজ বেগমকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

পৌরসভা নির্বাচনে রংপুর বিভাগের গাইবান্ধার পলাশবাড়ীতে মো. আবু বক্কর প্রধান, ঢাকা বিভাগের মাদারীপুরের রাজৈরে নাজমা রশীদ, ফরিদপুরের মধুখালীতে খন্দকার মোরশেদ রহমান, ফরিদপুর সদরে অমিতাভ বোস, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তফাজ্জল হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুর বিভাগের কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গা ইউপিতে এস এম রেজাউল করিম ও বন্দবেড় ইউপিতে মো. আব্দুল কাদের. চর শৌলমারী ইউপিতে কে এম ফজলুল মণ্ডল, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলদলী ইউপিতে মো. আরজেদ আলী, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউপিতে আব্দুল হান্নান, বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জে উত্তর উলানিয়া ইউপিতে মো. নূরুল ইসলাম, দক্ষিণ উলানিয়া ইউপিতে কাজী আব্দুল হালিম, ঢাকা বিভাগের মনোহরদীর গোতাশিয়া ইউপিতে মো. মতিউর রহমান, শরীয়তপুরের ভেদরগঞ্জের ডিএমখালী ইউপিতে মহসিন হক বেপারী, ময়মনসিংহ বিভাগের নান্দাইলে জাহাঙ্গীরপুর ইউপিতে মোহাম্মদ আলী, সিলেট বিভাগে হবিগঞ্জ সদরে রাজিউড়া ইউপিতে বদরুল করিম দুলাল, মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউপিতে সি এম জয়নাল আবেদীন, চট্টগ্রাম বিভাগের কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউপিতে মোহাম্মদ ইকবাল সরকার, রাঙ্গামাটির বিলাইছড়ির বড়থলি ইউপিতে সত্য চন্দ্র ত্রিপুরা, রাঙ্গামাটি সদরের মগবান ইউপিতে বিনিময় চাকমাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জনমত

গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের

 প্রতি নির্দেশ

সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দলের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের জনগণের কাছে নিজেদের অবস্থান ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। এছাড়া দলীয় মনোনীত প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে তিনি আওয়ামী লীগের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের তৃণমূলের সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট জেলা নেতা ও দলীয় এমপিদের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।