আমার বিরুদ্ধে বাজি ধরো না, এখনো আমি জিততে পারি : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বিশ্বাস তিনি এখনো জো বাইডেনের কাছ থেকে বিজয় ছিনিয়ে নিতে পারেন। তিনি জোর দিয়ে বলেন, আমার বিরুদ্ধে বাজি ধরো না। বৃহস্পতিবার কলামিস্ট বাইরন ইয়র্কের সঙ্গে ফোনালাপে তিনি এসব কথা বলেন। এর আগে এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে সোনার ডিম পাড়া হাঁস দাবি করেন। খবর আলজাজিরার

গত ৩ নভেম্বর ভোট এবং ৫ নভেম্বর জো বাইডেনের জয়ের বিষয়টি জানার পর প্রেসিডেন্ট ট্রাম্প ফল নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। এই প্রথম তিনি এ নিয়ে ভোটের একটি চিত্র তুলে ধরেন ইয়র্কের কাছে। ট্রাম্প মনে করেন, আইনি লড়াই এবং ভোট পুনর্গননায় ফল তার পক্ষে আসতে পারে। ট্রাম্প ইয়র্ককে বলেন, আমরা উইসকনসিনে জিততে যাচ্ছি। সেখানে ২০ হাজার ভোটে পিছিয়ে আছি। আগামী সপ্তাহে আবার গণনা হবে। ২০১৬ সালের নির্বাচনে এই রাজ্যে তিনি ২২ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছিলেন। অ্যারিজোনায় ট্রাম্প আট হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে। তার দাবি, লাখ লাখ ভোটের নীরিক্ষা করলে আট হাজার ভোট তিনি পাবেনই। হাতে গণনার কারণে জর্জিয়ার ইলেকটোরাল ভোটও পাবেন বলে বিশ্বাস করেন ট্রাম্প। সেখানে ১০ হাজার থেকে ১১ হাজার ভোটে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বি ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। মিশিগান এবং পেনসিলভেনিয়ায়ও তার আইনি লড়াই চলছে। সেখানেও জয়ের ইঙ্গিত পাচ্ছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প তার সমর্থক সাংবাদিক গিরাল্ডো রিভারার সঙ্গেও ফোনালাপ করেন।

নিজেকে সোনার ডিমপাড়া হাঁস

দাবি ট্রাম্পের

নিজেকে সোনার ডিম পাড়া হাঁস বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সংবাদমাধ্যম ফক্স নিউজের সমালোচনা করার সময় তিনি এ মন্তব্য করেছেন। বৃহস্পতিবার ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘ফক্স নিউজের দিনের বেলার রেটিং পুরোপুরি ধসে পড়েছিল। ছুটির দিন ছিল আরো খারাপ। এটা ঘটতে দেখা অনেক দুঃখের ছিল। তবে যেটি তাদেরকে সফল করেছে, তাদেরকে সেখানে নিয়ে গেছে সেটি তারা ভুলে গেছে। তারা সোনার ডিম পাড়া হাঁসকে ভুলে গেছে। ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনে সবচেয়ে বেশি পার্থক্য ছিল ফক্স নিউজে। প্রসঙ্গত, ফক্স নিউজের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত ট্রাম্পের উপস্থিতি থাকত। তবে ৭ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল অনুযায়ী, পরাজয় ঘটেছে ট্রাম্পের। ফক্স নিউজই প্রথম অ্যারিজোনায় বাইডেনের বিজয়ের খবর প্রকাশ করেছিল। এছাড়া ট্রাম্পের বিজয়ের দাবি যে মিথ্যা, সেটিও প্রকাশ করেছিল এই সংবাদমাধ্যমটি।