ময়মনসিংহের গৌরীপুর হুমায়ুন আহমেদ স্মৃতি পরিষদের উদ্যোগে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বেলা ১১টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনে কেক কাটা, আলোচনাসভা ও তার নামে ট্রেনের দাবিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের সভাপতি মোতালিব বিন আয়েতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এইচ এম খায়রুল বাসার, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাবেক সহ-সভাপতি ছড়াকার আজম জহিরুল ইসলাম, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাবেক সভাপতি মহসিন মাহমুদ, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, এন কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম, মিলন খান, জহিরুল ইসলাম রমজান, পীযূষ রায় গণেশ, রাজন, পারভেজ প্রমুখ।
বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ বেঁচে থাকবেন আমাদের হূদয়ে। গৌরীপুর রেলস্টেশনে বিচরণ করে ‘গৌরীপুর জংশন’ নামে একটি উপন্যাস লিখেছিলেন হুমায়ুন আহমেদ। তাই গৌরীপুর জংশনে হুমায়ুন আহমেদের স্মৃতি রক্ষা করা ও তার নামে একটি ট্রেন চালু করার দাবি জানান বক্তারা।