বাইডেনকে পরামর্শ দিইনি, ট্রাম্পকে এখনই ছাড়ছি না

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, এখন পর্যন্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা ভাইরাস ট্রানজিশন টিমের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। জো বাইডেনকেও কোনো পরামর্শ দিইনি। আর এখনই ট্রাম্পের সঙ্গে কাজ করা বন্ধ করছি না। কারণ, করোনা সংক্রমণ ব্যাপকহারে বাড়ছে। এখন অনেক কাজ করার রয়েছে। গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের দ্বিতীয় প্রবাহ চলছে। গত বৃহস্পতিবার দেশটিতে ১ লাখ ৫৩ হাজার মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শিগিগরই যুক্তরাষ্ট্রে প্রতিদিন দুই লাখ লোক সংক্রমিত হতে পারে। এই করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে। যদিও এজন্য তিনি অ্যান্থনি ফাউচির ওপর কিছুটা হলেও দায় চাপানোর চেষ্টা করেছেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না।

এমন প্রেক্ষিতে ফাউচি বলেন, আমি কোনো রাজনীতিক নই। আমি মানুষের স্বাস্থ্য সেবা করি। মহামারি চলাকালে নিজেকে কাজ করা থেকে বিরত রাখার কোনো কারণ নেই। নতুন প্রেসিডেন্টের জন্যও একই পরামর্শ থাকবে। সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম না করা, মাস্ক পরা, হাত ধোয়ার মতো কাজ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, জনস্বাস্থ্যের মৌলিক নীতিগুলো প্রতি মাসে বা প্রশাসন বদলানোর সঙ্গে বদলে যায় না।